প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার একজন মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ