বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক তাঁর রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন গ্রীন ফোরাম এবং ইবি শাখা ছাত্রদল বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছে।
এদিন বাদ যোহর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করে প্রশাসন। এতে ভিসি প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় ভিসি নিজে দোয়া পরিচালনা করেন।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ শোক ঘোষণা করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শোক পালনকালীন এ তিনদিন বিশ্ববিদ্যালয়ের সকল ভবনের জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিশ্ববিদ্যালয়ের সকলে কালো ব্যাজ ধারণ করবেন।
এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার সম্মানার্থে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, ফার্মেসি ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত হওয়া বিভাগগুলোর নিয়োগ বোর্ড যথাক্রমে আগামী ১১, ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ