বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চবিসাসের দপ্তর ও প্রচার সম্পাদক সোহেল রানা স্বাক্ষরিত বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
যৌথ বিবৃতিতে চবিসাস সভাপতি জানে আলম এবং সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
চবিসাস নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাতের পর যখন দেশ গভীর রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করছিল, তখন বেগম খালেদা জিয়া দৃঢ় সাহস ও অটল প্রত্যয়ে সামনে এগিয়ে আসেন। স্বৈরশাসনের দমন-পীড়ন, রাজনৈতিক প্রতিহিংসা ও নানামুখী প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তিনি ক্রমে পরিণত হন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক শক্তিশালী নেতৃত্বে। তাঁর নেতৃত্ব ও আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন দিশা দেয় এবং তিনি হয়ে ওঠেন জনগণের আশা-ভরসার প্রতীক।
নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ব্যক্তিগত ত্যাগের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক অনন্য অধ্যায়ের সূচনা করেন। আপসহীন নেতৃত্ব, সাহসী অবস্থান এবং জনগণের অধিকার রক্ষায় তাঁর অবিচল ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
চবিসাস মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে এবং এই শোকাবহ সময়ে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি ধৈর্য, সহনশীলতা ও মানসিক শক্তি দানের জন্য দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ