বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ঢাকা আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ইসহাক দার আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবেন। জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানাবেন।
এর আগে এক্সে দেওয়া শোকবার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ইসহাক দার। তিনি প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এক বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি খালেদা জিয়াকে পাকিস্তানের ‘একজন আন্তরিক বন্ধু’ হিসেবে বর্ণনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ