বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় প্রটোকলসহ আজ সকালে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হয়েছে। সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকেন পরিবারের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। শেষবারের মতো প্রিয় নেত্রীকে দেখতে ভিড় করেন অনেকেই।

এভারকেয়ার হাসপাতাল থেকে ফ্রিজিং ভ্যানে করে মরদেহ ফিরোজায় পৌঁছালে স্বজনরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাসভবন ও আশপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তা।
আজ দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেলে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে। জানাজা ও দাফনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে ছুটি ও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে বিভিন্ন দপ্তর ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে। বিএনপি দলীয়ভাবেও শোক কর্মসূচি পালন করছে। গতকাল মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান সাবেক এ প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।