বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, বিদেশি প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

ভোর থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে মানুষের ঢল নেমে আসে। বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ জানাজায় অংশ নিতে ছুটে আসেন। শোকে মুহ্যমান মানুষের চোখেমুখে ছিল প্রিয় নেত্রীকে হারানোর বেদনার ছাপ।
জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ শেরেবাংলা নগরে নিয়ে যাওয়া হবে। সেখানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।
তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আজ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিএনপিও সাত দিনের শোক কর্মসূচি পালন করছে।
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ