চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদ্রাসার হিফজ বিভাগে ৪ জন শিক্ষার্থীর হিফজ সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান-২০২৬ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০টায় আল-আমিন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিশুরা দিনের অধিকাংশ সময় পরিবারে অবস্থান করে। তাই শুধু মাদ্রাসা নয়, অভিভাবকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। কুরআনের হাফেজ হওয়ার পাশাপাশি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতা, শালীনতা ও ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গঠন সম্ভব।

তিনি আরও বলেন, “হিফজুল কুরআন একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ ইবাদত। যারা কুরআনের খাদেম হবে, আল্লাহ তায়ালা তাদের দুনিয়া ও আখিরাতে সম্মান দান করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. ফখরুল ইসলাম মাসুম এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ নূরুল ইসলাম।

হিফজ সবক প্রদান করেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আ.জ.ম. ইসমাইল হোসেন (আজাদ)। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও আমলের প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।