চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫১ হাজার ৫০৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৪৭ হাজার ৩৬২ জন পরীক্ষার্থী। এতে উপস্থিতির হার ৯১.৯৯ শতাংশ।

শনিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

তিনি জানান, তিন কেন্দ্রের উপস্থিতির হার আমাদের কাছে এসে পৌঁছেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪২ জন পরীক্ষার্থীর আসন পড়েছিল। তন্মধ্যে উপস্থিত ছিল ১৯ হাজার ২২২জন পরীক্ষার্থী। এই কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৩৮ জন। এখানে উপস্থিতির হার ৯৩.৫৫ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ৩৬৬জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২১হাজার ৭৭জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৯৪জন। এখানে উপস্থিতির হার ৯০.১৮ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৬৯ জন। অনুপস্থিত ছিলেন ৫২৬জন। এখানে উপস্থিতির হার ৯৩.০৭ শতাংশ।

তিনি আরো জানান, ‘ডি ইউনিটে সর্বমোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ৫০৫ জন। সর্বমোট তিন কেন্দ্রে উপস্থিত ৪৭ হাজার ৩৬২ জন। অনুপস্থিত ৪ হাজার ১৪৭ জন এবং সর্বমোট উপস্থিতির হার ৯১.৯৯ শতাংশ।