মানুষ পরিবর্তন চায় এবং চায় নতুনত্ব। পরিবর্তন চায় উন্নত ভাব ধারার, সামাজিক রীতি নীতির। মনে দানা বাঁধে নানা প্রত্যাশা ও পরিকল্পনার। সব কিছুরই একটি নির্দিষ্ট শুরুর উপলব্ধি মানব মনে কল্পিত হয়। পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে আকড়ে ধরতে চায় মানুষ। তেননি নতুন বছরের শুরুতেও তরুণদের মাথায় খেলে নানা ভাবনা, আগ্রহ জন্মায় নতুন কিছু শেখার, স্বপ্নকে বাস্তবায়নের কলাকৌশল এবং নিজের জীবনটাকে নতুন করে গুছানোর।
‎
‎নতুন বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ভাবনা, প্রত্যাশা, আত্মোপলব্ধি এবং পরিকল্পনা তুলে ধরেছেন খবরবেলার কুবি ক্যাম্পাস প্রতিনিধি রাশেদুল ইসলাম।
‎
‎
‎‘আরো মানবিক ও দায়িত্বশীল মানুষ হতে চাই’
‎
‎

নতুন বছর মানে নতুন প্রত্যাশার নাম। একজন শিক্ষার্থী হিসেবে নতুন বছরে আমার চাওয়া খুব বিলাসী নয়, বরং প্রয়োজনীয়। আমি চাই এমন একটি সমাজ, যেখানে মানুষ মানুষকে মানুষ হিসেবে দেখবে। যেখানে ন্যায়ের জন্য কথা বললে শাস্তি নয়, সম্মান জোটবে। আমি চাই শিক্ষাঙ্গন হোক নিরাপদ ও দুশ্চিন্তামুক্ত। পড়া শেষ করে যেন একজন তরুণ চাকরির আশায় বছরের পর বছর হতাশ না থাকে। যোগ্যতা যেন সুপারিশের কাছে পরাজিত না হয়।
‎
‎আমি চাই, দুমুঠো ভাত যেন কারও কাছে বিলাস না হয়। রাষ্ট্রের ক্ষমতা যেন মানুষের ওপর নয়, মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। দুর্নীতি যেন ‘স্বাভাবিক বিষয়’ না হয়ে অপরাধ হিসেবেই গণ্য হয়। নতুন বছরে আমি এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দেশের নাম উচ্চারণে দীর্ঘশ্বাস নয়, গর্ব থাকে। সবচেয়ে বড় চাওয়া এই নতুন বছরে আমরা যেন আরও মানবিক, আরও দায়িত্বশীল হতে পারি। কারণ দেশ বদলায়, আগে মানুষ বদলালে।
‎
‎আবছার উদ্দিন ইফতি
‎হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
‎
‎
‎’দায়িত্ববান ও সংবেদনশীল মানুষ হিসেবে সফল হতে চাই’
‎
‎নতুন বছর আমার কাছে কেবল সময়ের পরিবর্তন নয়, এটি নিজেকে নতুন করে চিনে নেওয়ার একটি উপলক্ষ্য। একজন শিক্ষার্থী হিসেবে এই বছরে আমার প্রত্যাশা সহজ, কিন্তু দায়িত্বপূর্ণ। চাই পড়াশোনায় আরও গভীর মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিটি চ্যালেঞ্জকে ধৈর্য নিয়ে মোকাবিলা করতে। বিগত বছরের সকল ভুল ও ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে গ্রহণ করার মতো মানসিকতা চাই। নিজের সীমাবদ্ধতাগুলো বুঝে ধীরে ধীরে সেগুলো অতিক্রম করতে চাই। সময় ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলাবদ্ধ হতে নিজেকে প্রস্তুত করতে চাই।অপ্রয়োজনীয় চাপ ও তুলনার প্রবণতা ভুলে পরিশ্রমের সাথে আত্মবিশ্বাস ও সততা বজায় রেখে মানুষ হিসেবে আরও সংবেদনশীল ও দায়িত্ববান হয়ে একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই সমাজে ও রাষ্ট্রে।
‎
‎ইখতার জাহান ইথিলা
‎গণিত বিভাগ
‎
‎
‎’মানসিক স্থিতিশীলতা এবং নৈতিক দৃঢ়তা বজায় রাখতে চাই’


‎নতুন বছর মানে পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের মতো করে ভবিষ্যৎ গড়ার সুযোগ। নতুন শব্দের মাধুর্য্য যে কতটা প্রখর তা আসলে বোঝা যায় নতুন বছর এলেই। নতুন বছর মানেই আশার আলো নিয়ে হাজির হয়, যা আমাদের পুরোনো ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন ছন্দে পথ চলতে উদ্বুদ্ধ করে। সবার মাঝেই একটা প্রত্যাশা বিরাজ করে নতুন বছর যেনো আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসে। নতুন বছরে একজন ব্যক্তি হিসেবে আমিও চাই নিজের পুরনো স্বপ্নকে লালন করে, অতীতের সব ভুল শুধরিয়ে নতুন করে ভাবতে, নতুনভাবে ঢেলে সাজাতে চাই আমার লক্ষ্যের পথকে, একটা পরিণত ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে। অতীতের সব প্রাপ্তিকে পেছনে ফেলে অর্জনের ঝুড়ি আরও সমৃদ্ধ করাই আমার প্রত্যাশা। সাথে মায়ের ইচ্ছা গুলো পূরণ করতে চাওয়া নতুন বছরের লক্ষ্য।

নতুন বছরে মানুষের জন্য মানুষ হিসেবে আমাদের প্রধান চাওয়া হলো মানসিক স্থিতিশীলতা এবং নৈতিক দৃঢ়তা বজায় রাখা। সমাজের প্রেক্ষাপটে নতুন বছরে অন্যতম চাওয়া হলো সহনশীলতা।
‎
‎নতুন বছরে রাষ্ট্র ও রাজনীতিবিদদের ক্ষেত্রে চাওয়া হইলো উচিৎ কাজ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। নতুন বছরকে নিয়ে আমাদের প্রত্যাশা রিয়েলিস্টিক হতে হবে। চাইলে একটা বছর কারো জন্য নিখুঁত হয়ে উঠতে পারে না, সেটা ঠিক। তবে আমরা আশা করতেই পারি নতুন বছরে আমরা যেন একটু বেশি সচেতন, দায়িত্বশীল ও মানবিক হয়ে উঠি। এই ছোট্ট পরিবর্তনই হয়তো বড় ধরনের পরিবর্তনের শুরু হতে পারে। সবকিছুর সুশৃঙ্খল পরিবর্তন হোক। সর্বশেষ বলতে চাই, সময় বদলে যাওয়া মানেই সমাজ বদলে যাওয়া নয়। সমাজ বদলায় তখনই, যখন আপনি আমি নিজের জায়গা থেকে মানুষ হিসেবে সৎ ভাবে বদলাতে পারবো। নিজেকে সৎ ভাবে পরিবর্তন করি তবেই সমাজে ইতিবাচক পরিবর্তন হবে।
‎
‎তালহা যোবায়ের
‎বাংলা বিভাগ
‎
‎
‎’নতুন বছরে নতুন অঙ্গীকার, নতুন পথে এগিয়ে চলা’
‎


‎নতুন বছর মানে কেবল ক্যালেন্ডারের একটি পাতা উল্টে যাওয়া নয়; এটি আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও নিজেকে নতুনভাবে গড়ে তোলার এক অনন্য সুযোগ। গত বছরের প্রতিটি অভিজ্ঞতা ‘সাফল্য হোক বা ব্যর্থতা’ আমাদের জীবনের মূল্যবান শিক্ষা দিয়েছে। একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, নতুন বছরে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা ও শৃঙ্খলা, যাতে আমরা লক্ষ্যচ্যুত না হই। একই সঙ্গে মানবিকতা হোক আমাদের পথচলার মূল শক্তি, যাতে নিজের অগ্রগতির পাশাপাশি অন্যের পাশে দাঁড়াতে পারি। নতুন বছর হোক সচেতন চিন্তা, দায়িত্বশীল আচরণ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।
‎
‎কাওছার প্রধান
‎গণিত বিভাগ
‎