চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘উচ্চমানের গবেষণা, প্রকাশনা এবং সহযোগিতার মাধ্যমে ক্যারিয়ার উন্নয়ন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ২টায় চবি কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে সহযোগিতা করে এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার, চবি।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড রিসার্চ অধ্যাপক ড. সাইদুর রহমান। আলোচক হিসেবে অংশ নেন একই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড. মাইন উদ্দিন খন্দকার।
মূল বক্তার বক্তব্যে অধ্যাপক ড. সাইদুর রহমান গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থী ও নবীন গবেষকদের জন্য গবেষণা শুরু করার কৌশল, গবেষণার মঞ্জুরি অর্জনের পদ্ধতি এবং উচ্চশিক্ষায় গবেষণার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মানসম্মত গবেষণা পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
আলোচক অধ্যাপক ড. মাইন উদ্দিন খন্দকার গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশনা এবং বৈশ্বিক গবেষকদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা কীভাবে তাঁদের পেশাগত জীবন সমৃদ্ধ করতে পারেন, সে বিষয়ে আলোকপাত করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন চবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। চবি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হোসেন সেমিনারটি সঞ্চালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ