চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত চবি ড. মুহাম্মদ ইউনূস ভবনে (সমাজবিজ্ঞান অনুষদ) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ‘ডি১’ উপ-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, যুগ্ম কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী এবং যুগ্ম কো-অর্ডিনেটর ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার।
ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষাও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় চাকসুর প্রতিনিধিরা অভিভাবক প্যাভিলিয়নসহ বিভিন্ন কার্যক্রমে সহায়তা করছে এবং ক্যাম্পাসে পর্যাপ্ত মেডিকেল টিম রাখা হয়েছে।’
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ