চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডে-কেয়ার সেন্টারে শিশুদের জন্য নির্মিত একটি প্লে-গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টায় প্লে-গ্রাউন্ডটির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডে-কেয়ার সেন্টারের পরিচালক অধ্যাপক সালমা মমতাজ, ইনচার্জ মৌসুমি জাহান মেরীসহ কেন্দ্রটির কর্মকর্তা ও কর্মচারীরা।

উদ্বোধন শেষে উপাচার্য ডে-কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘নারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার কথা বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্লে-গ্রাউন্ড একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’