বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়ার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়া সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, সিনিয়র অধ্যাপক ড. নজিবুল হক, গ্রীন ফোরামের সেক্রটারি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রদল, ছাত্রশিবির ও বৈছাআ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবার প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। সে কারণে এই বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়া ও ম্যাডাম জিয়ার প্রতি সম্মান প্রদর্শনের একটি নৈতিক দায়িত্ব রয়েছে। আমি মনে করি, প্রতিবছরই ৩০ ডিসেম্বর ম্যাডাম জিয়াকে স্মরণ করে, আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সবাই বিশেষভাবে তাঁর জন্য দোয়ার আয়োজন করবে।”

তিনি আরও বলেন, “মরহুমা খালেদা জিয়া আমাদের সবার প্রাণপ্রিয় ম্যাডাম। তিনি যে আদর্শ রেখে গেছেন, তা বাংলাদেশি মানুষ এবং সারা বিশ্বের বাঙালিদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। আমাদের রাজনীতি, অধ্যয়ন ও গবেষণায় তিনি আজীবন একটি আদর্শ হিসেবে বিদ্যমান থাকবেন।”