রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গ্রিন রোড এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, এ ঘটনায় দুজনকে গুলি করা হয়েছে। এর মধ্যে আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।