চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের শিক্ষার্থীদের দৈনন্দিন সুবিধা বাড়াতে একটি অটোমেটিক কফি মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলাওল হল শাখা।

রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় হল প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হকের কাছে আনুষ্ঠানিকভাবে কফি মেশিনটি হস্তান্তর করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবির ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। তারই অংশ হিসেবে আলাওল হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চা–কফি সংকট নিরসনে এই অটোমেটিক কফি মেশিন প্রদান করা হয়েছে। তিনি জানান, হলের আশপাশে দোকান না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ভোগান্তিতে পড়েন, যা লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রকল্যাণমূলক এমন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশিবিরের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদী।

আলাওল হল শাখা ছাত্রশিবিরের সভাপতি শেফায়েত হোসাইন বলেন, শিক্ষার্থীদের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে আলাওল হল শাখা আগেও কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। শিক্ষার্থীদের দৈনন্দিন সুবিধার কথা বিবেচনা করেই কফি মেশিনটি উপহার দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চবি শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক রবিউল ইসলাম, আলাওল হল শাখার সভাপতি শেফায়েত হোসাইন, সেক্রেটারি মাইন হানজালাসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।