মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। স্বাভাবিক শিক্ষাক্রম অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারি ও পরবর্তী বিভিন্ন বাস্তবতায় গত কয়েক বছর ধরে সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি।
চলতি বছর জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়নসহ পরীক্ষার সার্বিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানান, এসএসসি পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় শেষ। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক ধাপগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, মাঠ পর্যায় থেকে কোনো বিশেষ অনুরোধ এলে ফরম পূরণের সময়সীমা এক বা দুই দিন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে সার্বিকভাবে সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ