চট্টগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর আধুনিক পণ্য পরীক্ষাগার দেশের অর্থনীতি ও ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের নেতৃবৃন্দ।
সোমবার ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ জাম্বুরী মাঠে অবস্থিত বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আঞ্চলিক পণ্য পরীক্ষাগার পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।
ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান প্রকৌশলী মো. মোমেন উস সাজ্জাদ। সভায় বিএসটিআইয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ক্যাব চট্টগ্রামের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ক্যাব নেতারা বলেন, চট্টগ্রাম দেশের বৃহৎ শিল্প ও বাণিজ্যিক নগরী এবং আমদানি-রপ্তানির প্রধান কেন্দ্র হওয়ায় এখানে আধুনিক মান পরীক্ষাগারের দীর্ঘদিনের দাবি ছিল। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এই পরীক্ষাগার স্থাপনের ফলে উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তারা এখন সহজেই পণ্যের মান পরীক্ষা করতে পারবেন। এতে ভেজাল ও মানহীন পণ্যের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে।
এস এম নাজের হোসাইন বলেন, আগে পণ্যের মান পরীক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানো ছাড়া বিকল্প ছিল না। এখন চট্টগ্রামেই পরীক্ষা সম্ভব হওয়ায় ভোক্তাদের সুরক্ষা অনেকাংশে বাড়বে। তিনি খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের ভয়াবহতা তুলে ধরে বলেন, এটি কেবল জনস্বাস্থ্যের নয়, বরং জাতির ভবিষ্যতের জন্যও বড় হুমকি।
বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের অফিস প্রধান মো. মোমেন উস সাজ্জাদ বলেন, ভেজাল ও মানহীন পণ্য একটি পুরোনো সমস্যা, যা নজরদারি দুর্বল হলে আরও বাড়ে। সীমিত জনবল ও বাজারের ব্যাপকতার মধ্যেও বিএসটিআই নিয়মিত পণ্য পরীক্ষা ও মান নিয়ন্ত্রণে কাজ করছে। এ ক্ষেত্রে ক্যাবের মতো ভোক্তা সংগঠনের সহযোগিতা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
সভা শেষে চট্টগ্রামসহ সারা দেশে নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত করতে বিএসটিআই ও ক্যাবের যৌথ উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধি, বাজার তদারকি জোরদার, স্টেকহোল্ডার সভা ও গণশুনানি আয়োজনের সুপারিশ করা হয়।
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ