ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে চার দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে উৎসবের উদ্বোধন করা হয়। এটি চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, প্রকাশনা উৎসবে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম ও স্টিকারসহ বিভিন্ন ধরনের ইসলামী বই এবং পবিত্র কুরআন বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ছাত্রশিবিরের নিজস্ব প্রকাশনাও স্টলে স্থান পেয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাকিব ইসলাম বলেন, “উৎসবটি বেশ আনন্দঘন পরিবেশে আয়োজন করা হয়েছে। এখানে ইসলামী চিন্তা ও চেতনার বই রয়েছে। স্টলে থাকা বিভিন্ন উক্তি সম্বলিত স্টিকার ও তথ্য আমাদের আনন্দ দিয়েছে। এতদিন ছাত্রশিবির সম্পর্কে যে ভুল ধারণা ছিল, এখানে এসে তা অনেকটাই বদলেছে।”

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শাফায়েত হোসেন বলেন, “ধর্মীয় বইয়ের পাশাপাশি এখানে সাহিত্য ও জুলাই বিপ্লব নিয়ে বইও পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ভালো লাগছে।”
উৎসবের সার্বিক বিষয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সহকারী এইচআরডি সম্পাদক আহমেদ মুন্সী বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। প্রকাশনা আমাদের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের প্রকাশনা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন এবং বুঝতে পারছেন ছাত্রশিবির কী ধরনের বই ও চিন্তার চর্চা করে।”

উল্লেখ্য, চার দিনব্যাপী এই প্রকাশনা উৎসব প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।