মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্য হারে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস ডিউটি কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে
মঙ্গলবার এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এনবিআর জানায়, এস.আর.ও. নং ১৫-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য শুল্ক ৬০ শতাংশ হ্রাস পেয়েছে।
একইসঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পৃথক আরেকটি প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ১৬-আইন/২০২৬/কাস্টমস) জারি করেছে এনবিআর। ফলে উপকরণ আমদানিতে শুল্ক ৫০ শতাংশ কমলো।
এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারির ফলে—
৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমবে;
৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা কমবে।
এনবিআর আশা করছে, মোবাইল ফোন আমদানি এবং মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। এর মাধ্যমে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে।
সংস্থাটি আরও জানায়, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের মূল্য ধরে রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ