ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (১২ জানুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক–এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হন মনিরুজ্জামান মনির।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মনিরুজ্জামান মনির বলেন,
“ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এই গুরুদায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন,
“আগামীর পথচলায় ছাত্র সমাজের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে প্রচারণার অগ্রভাগে থেকে সত্য প্রকাশে আমি আপসহীন থাকব। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ছাত্র অধিকার পরিষদ যে ভূমিকা রেখে চলেছে, সেই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করে তিনি বলেন,
“সংবাদ প্রচার ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সত্য ও ন্যায়ের পক্ষে ছাত্র সমাজের এই নতুন যাত্রায় সবার সমর্থন আমার দায়িত্ব পালনে আরও শক্তি জোগাবে বলে আমি বিশ্বাস করি।”
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ