রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচীর কারণে সাইন্সল্যাবসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানসহ সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা মিরপুর রোডের সাইন্সল্যাব এলাকায় অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময় তিতুমীর কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরাও পৃথক এলাকায় অবরোধ কর্মসূচী পালন করেন।

অবরোধের ফলে সাইন্সল্যাব, নিউ মার্কেট, ধানমন্ডি ও আজিমপুরমুখী সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (ঢাকেবি) পূর্ণাঙ্গ কাঠামো গঠনের জন্য অধ্যাদেশ জারির দাবিতে এ কর্মসূচী পালন করছেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।