প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ঢাকেবি) গঠনের লক্ষ্যে অধ্যাদেশ জারির দাবিতে আগামী সোমবার ‘অধ্যাদেশ মঞ্চ’ নামে একটি নতুন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রেস ব্রিফিংয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম হাওলাদার জানান, আগামী সোমবার মিরপুর রোডের সাইন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে ‘অধ্যাদেশ মঞ্চ’ গঠন করা হবে। সেখানে গণজমায়েতের আয়োজন করা হবে এবং সাত কলেজের সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। কর্মসূচির অংশ হিসেবে একটি মঞ্চ স্থাপন করে শিক্ষার্থীরা বক্তব্য দেবেন।
তিনি আরও জানান, এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও বুদ্ধিজীবী সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। আনুমানিক বেলা ১২টার দিকে মঞ্চের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
নাঈম হাওলাদার বলেন, ‘অধ্যাদেশ মঞ্চ’ গঠনের মূল উদ্দেশ্য হলো জাতীয় পর্যায়ের রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে সাত কলেজের চলমান সংকট ও দাবির বিষয়ে অবহিত করা। একই সঙ্গে শিক্ষা সিন্ডিকেটের অবসান ঘটিয়ে ঢাকেবি অধ্যাদেশ বাস্তবায়নের দাবি দেশের আপামর জনগণের সামনে তুলে ধরা।
শিক্ষার্থীদের আশা, এই কর্মসূচির মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবির প্রতি নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ