রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জানুয়ারি) শুরু হয়েছে। ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষার কার্যক্রমের সূচনা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে মোট আবেদনকারী সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২২৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ৫ হাজার ৩৮৭ জন।

ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী জানান, পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে রাস্তায় তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে। এছাড়া কেন্দ্রে প্রবেশের আগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তিনি আরও বলেন, অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা চোখে পড়েনি।

এ বিষয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে প্রবেশ করছে। স্বেচ্ছাসেবীরা পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের বসার ব্যবস্থাও করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগীয় শহরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।