রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবার ‘সি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন গড়ে ৮২ জন ভর্তিচ্ছু। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, “ভর্তি পরীক্ষাকে ঘিরে জালিয়াতিসহ যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫৩৬টি। এ ইউনিটে মোট আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ৫ হাজার ৩৮৭ জন আবেদন করেছেন।
এছাড়া ‘এ’ ও ‘বি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি এবং ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৩০ হাজার ৮৮৬ জন। তিন ইউনিট মিলিয়ে রাবিতে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫ জনে।
ভর্তি পরীক্ষাগুলো প্রতিদিন এক ঘণ্টার সময়সীমায় দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রাবির ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা (জবি), চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং উভয় কান উন্মুক্ত রাখতে হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা, প্রক্টরিয়াল টিম, বিএনসিসি ও রোভার স্কাউটসের পাশাপাশি পরীক্ষা কমিটি ও আইসিটি সেন্টার সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ ছাড়া অর্থের বিনিময়ে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া জালিয়াত চক্র থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। এমন কোনো চক্রের সন্ধান পেলে দ্রুত প্রক্টর দপ্তর বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ