রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রধান ফটকের সামনে পার্কিং করে রাখা একটি মাইক্রোবাসে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে গাড়িটি পার্কিং অবস্থায় থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যানবাহন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জনি বলেন,
“দুর্ঘটনার পরপরই আমরা বিষয়টি থানায় অবহিত করেছি। ট্রাকের মালিক পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ক্ষতিপূরণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তারা সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে চাচ্ছে। বর্তমানে এ নিয়ে আলোচনা চলছে এবং সমঝোতার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

দুর্ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের যানবাহনের ক্ষয়ক্ষতি হলেও দ্রুত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।