কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর আগামী এক বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নানুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাইদুল হাসান।

রবিবার (১৮ জানুয়ারি) সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাহিত্য সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার ও সোশ্যাল মিডিয়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস শিফা, সমাজসেবা সম্পাদক সুমাইয়া তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহম্মদ, প্রকাশনা সম্পাদক ইয়াসিন ইবনে ফিরোজ, কোষাধ্যক্ষ নাঈম উদ্দিন এবং পাঠচক্র পরিচালক আরিফ ইসলাম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাবের হোসেন, মো. সজল মিয়া, রায়হানুল বারী রাসেল, মমশাদ আলম ও ইমন আহমেদ ইয়ামিন।

সাধারণ সম্পাদক সাইদুল হাসান বলেন, “সবার আগে মহান স্রষ্টার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ যাঁদের হাত ধরে যাত্রা শুরু করেছে, তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ। মানুষ, ক্যাম্পাস, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে পাটাতন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। এই যাত্রায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

সভাপতি হান্নানুল আলম বলেন, “পাটাতন একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের চিন্তা, চেতনা ও মননশীলতাকে কাজে লাগিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে জাগরণ সৃষ্টি করা এবং সঠিক মূল্যবোধ গড়ে তোলা। গত এক বছরে পাটাতন জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সেমিনার আয়োজন, গ্রাফিতি কার্যক্রম, সমকালীন সংকট নিয়ে পাঠচক্র এবং জুলাই স্মরণে স্মৃতিমিনারের নকশা প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল ভয়াবহ বন্যা। সেই সংকটকালে পাটাতন বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস ও নিরবচ্ছিন্নভাবে কাজ করার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে। আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে এবং সেই যাত্রায় পাটাতন থাকবে চিন্তা, চেতনা ও দায়িত্বশীল নেতৃত্ব গঠনের এক সচেতন সহযাত্রী।”

উল্লেখ্য, “মুক্তবুদ্ধি ও কল্যাণকর কাজের শক্তি ও সাহস যোগাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ সেপ্টেম্বর ২০২৪ সালে প্রথম আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে চিন্তার বিপ্লব ঘটিয়ে সুবিবেচক ও সচেতন নাগরিক গড়ে তোলাই সংগঠনটির মূল উদ্দেশ্য।