চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ আবদুর রব ডিবেট ফেস্ট -২০২৬ এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলা প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, যুক্তি, বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক চর্চার এক ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল এটি। শহীদ আবদুর রবের আত্মত্যাগ ও বুদ্ধিবৃত্তিক প্রতিবাদের চেতনাকে ধারণ করে আয়োজিত এই ডিবেট ফেস্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে আগত বিতার্কিকরা বাংলা এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে অংশগ্রহণ করেন। আয়োজনটি যুক্তিনির্ভর বিতর্ক, গণতান্ত্রিক মনন ও মতপ্রকাশের স্বাধীনতাকে উৎসাহিত করার লক্ষ্যে পরিচালিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু)ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “ডিবেট কেবল প্রতিযোগিতা নয়, এটি যুক্তিবোধ ও নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান মাধ্যম। যে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা সক্রিয় থাকে, সেখানে চিন্তার স্বাধীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতি আরও শক্তিশালী হয়। শহীদ আবদুর রব ডিবেট ফেস্ট সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক আয়োজন।”

শহীদ আবদুর রব হল সংসদের ভিপি বোরহান উদ্দিন বলেন, “শহীদ আবদুর রব ছিলেন প্রশ্ন করতে সাহসী এক কণ্ঠস্বর। এই ডিবেট ফেস্টের মাধ্যমে আমরা তাঁর সেই চেতনাকে ধারণ করতে চাই—যেখানে ভিন্নমত থাকবে, যুক্তি থাকবে, কিন্তু থাকবে না কোনো ভীতি। যুক্তির শক্তিতেই একটি প্রগতিশীল বাংলাদেশ নির্মাণ সম্ভব।”

পরে গ্র্যান্ড ফিনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও আগ্রহী দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।