বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন–এর নবীন বরণ, বার্ষিক সাধারণ সভা এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাঁধন ববি ইউনিটের সভাপতি আল-আমিন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুঁই মনির-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইশরাত জাহান লিজা, শিক্ষা উপদেষ্টা রহিমা নাসরিন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ বাঁধনের সাবেক ও বর্তমান সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে ২০২৫ সেশনে বাঁধনের সার্বিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহরাব হোসেন জাকির বলেন,
“বিশ্ববিদ্যালয়ের অনেক সংগঠনের সঙ্গে যুক্ত হলেও বাঁধনের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
বিশেষ অতিথির বক্তব্যে ডিন ইশরাত জাহান লিজা বলেন,
“বাঁধন এমন একটি সংগঠন, যা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায়—এ নিয়ে গর্ব করা যায়।”
সভাপতির বক্তব্যে আল-আমিন বলেন,
“দায়িত্ব পালনের সময় যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন কমিটির প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন,
“বাঁধন সারাদেশে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ ব্যাগ রক্ত সংগ্রহ ও ব্যবস্থাপনা করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫২টি সংগঠনের মধ্যে বাঁধনকে আমি সবসময় অগ্রাধিকার দেব।”
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ