চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্টার নিউজ টেলিভিশনের প্রতিনিধি এম. মিজানুর রহমানকে চবি ছাত্রদল নেতা কর্তৃক পাহাড়ে নিয়ে হামলার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রশিবির।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলে অবৈধভাবে সিট দখল সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় ‘স্টার নিউজ’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে পাহাড়ে নিয়ে মারধরের হুমকি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম। এমন অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মাদকে অভিযুক্ত ছাত্রদল কর্মী অবৈধভাবে থাকছেন হলে’ শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে হুমকি প্রদানের একটি অডিও রেকর্ড প্রকাশ্যে এসেছে। পেশাগত দায়িত্ব পালনরত একজন সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলামের এই হীন ও ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, শহীদ ফরহাদ হোসেন হলে অবৈধভাবে সিট দখল করে অবস্থান করার ঘটনা যেমন নিন্দনীয়, তেমনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব পালনে অবহেলাও স্পষ্ট। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি- হলগুলোতে অবৈধভাবে সিট দখলকারীদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে আলোচ্য ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, সংবাদ প্রকাশের প্রতিশোধ হিসেবে সাংবাদিককে মারধর ও হুমকি প্রদানের রাজনীতি বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগের সন্ত্রাসীদের চর্চিত আচরণ ছিল। দুঃখজনকভাবে ছাত্রদলের কোনো নেতার মাধ্যমে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদেরকে সেই ফ্যাসিবাদী মানসিকতার কথাই স্মরণ করিয়ে দেয়। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে তার পরিণতিও পলাতক ফ্যাসিস্টদের মতোই হবে।

নেতৃবৃন্দ সকল ছাত্রসংগঠনকে আহ্বান জানান- হুমকি, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে ভূমিকা রাখার জন্য।