রাজধানীর ঢাকা-৪ আসনে গণসংযোগ চলাকালে জামায়াতে ইসলামীর এক নারী নেত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলি এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সেক্রেটারি আশরাফুল আলম ইমন জানান, জামায়াতে ইসলামীর ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগকালে যুবদলের কয়েকজন কর্মী জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের কাইল্লা পট্টি এলাকায় যুবদলের সন্ত্রাসীরা পথরোধ করে গণসংযোগে বাধা দেয়। একপর্যায়ে তারা জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং তার মাথায় চারটি সেলাই দিতে হয়।
ইমন আরও জানান, হামলার কিছুক্ষণ আগে ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাত ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে নারী কর্মীদের হুমকি দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেন, সারা দেশে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নারী কর্মীরা ধারাবাহিকভাবে হামলার শিকার হচ্ছেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি কর্মকাণ্ডে যুক্ত নারীরা, বিশেষ করে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা হামলা, মারধর, অপমান, ভয়ভীতি ও সামাজিক লাঞ্ছনার মুখে পড়ছেন। এটি নারীর নিরাপত্তা নিয়ে গভীর জাতীয় উদ্বেগের বিষয়।
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ