জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিতর্ক সংগঠন ডিবেটিং সোসাইটি অব ইকোনোমিক্স (ডিএসই) ৫৩ ও ৫৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করে “DSE Stars’ Induction 2026” শীর্ষক এক দিনব্যাপী অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে দিনব্যাপী ট্রফি প্রদর্শনী পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ডিএসই-এর দীর্ঘদিনের অর্জন ও সাফল্যগুলো প্রদর্শন করা হয়। এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সামনে সংগঠনটির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা হয়।
দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা ও ইংরেজি পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।
পরবর্তীতে ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় একটি রম্য বিতর্ক। রম্য বিতর্কের বিষয় ছিল, “এই সংসদ মনে করে, বিশ্ববিদ্যালয়ে মোস্ট জুনিয়র থেকে ইমিডিয়েট সিনিয়র হিসেবে সময়টাই সেরা।”
বিতর্কে অংশগ্রহণকারীদের যুক্তি, কৌতুক ও উপস্থাপনা দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে, এছাড়া অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে বিভাগের শিক্ষার্থীরা গান ও কবিতা পরিবেশন করেন।
সবশেষে অনুষ্ঠিত হয় সমাপনী পর্ব, যেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিএসই-এর সাবেক সভাপতি অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসই-এর সভাপতি আহনাফ তাহমীদ খান রাইয়ান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম জয়। পুরো অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সফিকুল ইসলাম।
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ