শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন জামায়াত সমর্থক।
নিহত রেজাউল করিম শেরপুর-৩ আসনের ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে সহকারী রিটার্নিং অফিসারের উদ্যোগে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে উপস্থিত হয়ে বসার চেয়ার নিয়ে জামায়াত সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
জামায়াতের অভিযোগ, বিএনপি সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অর্ধশতাধিক জামায়াত সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যেই রেজাউল করিম ছিলেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ