বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। দেশের একমাত্র বিশেষায়িত পাবলিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়টি ২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দক্ষ ও আধুনিক মেরিটাইম জনশক্তি গড়ে তুলতেই এসব প্রোগ্রাম চালু রাখা হয়েছে।
এবার মোট ১০টি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ থাকছে। এর মধ্যে রয়েছে— এমবিএ ইন মেরিটাইম বিজনেস (MMB), এমবিএ ইন মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (MTHM), মাস্টার ইন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট (MPSM), মাস্টার ইন মেরিটাইম ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (MDSS), মাস্টার ইন মেরিটাইম সায়েন্স (MMS), এমএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং (MNAOE), এমএসসি ইন কোস্টাল অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং (MCRE), এমএসসি ইন ওশানোগ্রাফি (MO), মাস্টার ইন মেরিন বায়োটেকনোলজি (MMBT) এবং এমএসসি ইন মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার (MMFA)।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ৮ ও ৯ মার্চ মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ৩ মে ২০২৬ থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
ভর্তির যোগ্যতা হিসেবে প্রোগ্রামভেদে স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.২৫ থেকে ৩.০০ (৪.০০ স্কেলে) নির্ধারণ করা হয়েছে। প্রতিটি প্রোগ্রামের মেয়াদ সাধারণত ৩ সেমিস্টার বা প্রায় ১৮ মাস। এসব কোর্সে ফিল্ড ট্রিপ, গবেষণা কার্যক্রম এবং ব্যবহারিক শিক্ষার বিশেষ সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে মেধাভিত্তিক বৃত্তি ও বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনা।
আগ্রহী প্রার্থীদের applyonline.bmu.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট www.bmu.edu.bd থেকে জানা যাবে। প্রয়োজনে হেল্পলাইন নম্বর ০১৯২২৪৯৩৭১৭-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ