রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) রেজিস্ট্রার পদে একটি বিতর্কিত নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিয়োগপ্রক্রিয়াধীন ব্যক্তির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় দুর্নীতি ও প্রতারণার অভিযোগে তদন্ত চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে ওই নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে লাল কার্ড প্রদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—
‘দুর্নীতির বিরুদ্ধে, লাল কার্ড’,
‘প্রতারকের বিরুদ্ধে, লাল কার্ড’,
‘দুর্নীতিবাজদের ঠিকানা রাবিপ্রবিতে হবে না’—ইত্যাদি।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।