বিএনপি সবার জন্য সমান সুযোগ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে—এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, শ্রমের মর্যাদা, মেধার যথাযথ মূল্যায়ন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। মেধাভিত্তিক চাকরি ব্যবস্থা চালু করে শোষণের আগে সুবিচার নিশ্চিত করার অঙ্গীকার নিয়েই বিএনপি একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চায়—যেখানে নেতার আগে জনতা থাকবে অগ্রাধিকার তালিকায়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, “বিএনপির রাজনীতি হলো পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার সূর্যোদয় ঘটছে। আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা—এই দর্শন নিয়েই বিএনপি আগামীর রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে অগ্রসর হতে চায়।”
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের জীবনেই নানা সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। তবে এসব সংকট অস্বীকার না করে সুপরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যেতে হবে।
সভায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, নিজেদের কথা ও সমস্যাগুলো তুলে ধরেছেন। আমরা আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনব, বুঝব এবং বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করব।”
সমাপনী বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, সমতা, জ্ঞান ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই আদর্শ ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ