ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে জানান, দলের নির্বাচনী ইশতেহারের কাজ ইতোমধ্যে গুছিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত এবং দলের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচির অভিজ্ঞতা ও জনমতের ভিত্তিতেই বিএনপির নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে, যা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ