জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৮ম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বয়সসীমা লঙ্ঘন ও লাল কার্ড–সংক্রান্ত শাস্তি না মেনে চলার অভিযোগ উঠেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের টিম ম্যানেজার কামনা আক্তার ক্রীড়া উপকমিটির আহ্বায়ক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়েছে, ইসলামিক স্টাডিজ বিভাগের অধিনায়ক ও গোলরক্ষকের বয়স বর্তমানে ২৬ বছর ৩ মাস। বয়সসীমার বাইরে থাকা সত্ত্বেও তিনি ইতোমধ্যে চারটি ম্যাচ খেলেছেন। এছাড়া, ফাইন্যান্স বিভাগের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লাল কার্ড পাওয়া খেলোয়াড়কে পরদিন সেমিফাইনালে আবার মাঠে নামানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল টুর্নামেন্টে পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে। অভিযোগ, কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দিন নিজের বিভাগ ইসলামিক স্টাডিজকে জেতাতে খেলায় প্রভাব খাটিয়েছেন।
ক্রীড়া উপকমিটির আহ্বায়ক আলী নূর জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর ইসলামিক স্টাডিজ বিভাগকে অবহিত করা হয়েছে এবং আগামী ম্যাচের আগে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “অভিযোগের বিষয়ে আপিল কমিটি তদন্ত করবে। কে খেলবে বা খেলবে না—এটি সরাসরি আমার দেখার বিষয় নয়।”
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ