জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসংলগ্ন জয়ধ্বনি মঞ্চে নিয়মিত উচ্চশব্দে অনুষ্ঠান আয়োজনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। মঞ্চটি শিউলিমালা, দোলনচাঁপা, বিদ্রোহী ও অগ্নিবীণা—এই চারটি প্রধান হলের একেবারে কাছাকাছি হওয়ায় গান-বাজনা ও শক্তিশালী সাউন্ড সিস্টেমের শব্দ সরাসরি হলকক্ষে প্রবেশ করছে।
শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা উচ্চশব্দের কারণে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে।
বিদ্রোহী হলের শিক্ষার্থী আনান আহমেদ বলেন, “বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। এমনকি আশপাশের মসজিদে এশার নামাজ আদায়েও শব্দের কারণে বিঘ্ন ঘটে।”
আরেক শিক্ষার্থী আরমান বলেন, “সাংস্কৃতিক আয়োজন প্রয়োজনীয়, কিন্তু সেটি যেন শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ও পড়াশোনার ক্ষতি না করে—এটা নিশ্চিত করা জরুরি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন সতর্ক করে বলেন, নিয়মিত উচ্চশব্দে গান-বাজনার ফলে কানের সমস্যা ও মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, টিএসসির নির্মাণকাজ শেষ হলে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে, যাতে আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি কমানো যায়।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ