ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যার তদন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর—অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)-এর মাধ্যমে করানোর প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “ওসমান হাদী হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ ও ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার অটল। সম্ভাব্য এই তদন্তে জাতিসংঘকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে সরকার।”
এর আগে একই দিন ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ ওসমান হাদীর স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
এ সময় তারা বলেন, “শহীদ হাদী হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত শুরুর আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি প্রত্যাহার করব না।”
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ