জাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবি জানানো জাতীয়তাবাদী ছাত্রদল এবার সেই নির্বাচনে নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুকে দলে ভেড়াল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন।
উল্লেখ্য, জাকসু নির্বাচন শেষে গত বছরের ২৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তোলে। তারা ফলাফল বাতিল করে নতুন তফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানায়।
ছাত্রদলের অভিযোগে বলা হয়, নির্বাচনে অংশ নেওয়া আটটি প্যানেলের মধ্যে পাঁচটি প্যানেল ভোট বর্জন করে। এ ছাড়া দুইজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেন এবং ভোটগ্রহণ চলাকালে কয়েকজন শিক্ষক নির্বাচন কার্যক্রম থেকে সরে দাঁড়ান। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স ও অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো হয় এবং ভোটারের সংখ্যার তুলনায় অতিরিক্ত ব্যালট সরবরাহ করা হয়। একটি অখ্যাত প্রতিষ্ঠান এইচআর সফট বিডি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনার পাশাপাশি বিভিন্ন হলে জালভোট দেওয়ার অভিযোগও ওঠে।
এদিকে আব্দুর রশিদ জিতুর বিএনপিতে যোগদানের পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন নেতা দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। তাদের মধ্যে রয়েছেন শহীদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মাসুদ রানা মিস্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তবে তারা যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
এ ছাড়া নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম ছাত্রদলে যোগ দেন।
বিএনপিতে যোগ দিয়ে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “একটি সুন্দর বাংলাদেশ গড়তে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত বহু প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাদের স্বাগত জানাই।”
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ