জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, জীবন, কর্ম ও দর্শনের প্রাতিষ্ঠানিক চর্চার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিষ্ঠা করা হয়েছে ‘নজরুল চর্চা কেন্দ্র’।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তন চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কেন্দ্রটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নজরুল চর্চা কেন্দ্রের উদ্বোধন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। এই কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।

তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি বা সাহিত্যিক নন; তিনি বাঙালির জাতীয় জীবনে এক অনন্য অনুপ্রেরণার নাম। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শনে বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম এবং অসাম্প্রদায়িকতার শক্তিশালী প্রকাশ ঘটেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, নজরুল চর্চা কেন্দ্রের কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে গেছেন। বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি আমি । সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, বাংলাদেশে নজরুল চর্চা সত্যিকার অর্থেই অবহেলিত। অনেক জায়গায় রবীন্দ্র চর্চা কেন্দ্র থাকলেও নজরুল চর্চা কেন্দ্র নেই। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য হলেও নানা কারণে নজরুল চর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ তেমনভাবে দেখা যায় না।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন নজরুল চর্চা কেন্দ্রের সাময়িক দায়িত্বপ্রাপ্ত পরিচালক ও বাংলা বিভাগের প্রফেসর শামীমা হামিদ, রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ছাপাখানার প্রশাসক প্রফেসর মাহফুজুর রহমান আখন্দ, কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, নজরুল গবেষক ড. ফজলুল হক তুহিনসহ বিশিষ্ট শিক্ষক ও গবেষকরা।

উল্লেখ্য, উদ্বোধন শেষে উপাচার্য নজরুল চর্চা কেন্দ্রের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন এবং কেন্দ্রের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।