খুলনা বিশ্ববিদ্যালয়-এর প্রিন্টমেকিং ডিসিপ্লিনে ‘এডভান্সড প্রিন্টমেকিং ল্যাব’ ও ‘ইনটাগ্লিও প্রিন্টমেকিং ল্যাব’ নামে দুটি আধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ল্যাব দুটি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উদ্বোধন শেষে উপাচার্য ল্যাব দুটি পরিদর্শন করেন এবং স্থাপিত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শিল্পচর্চা ও গবেষণায় আধুনিক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই ল্যাব দুটি শিক্ষার্থীদের সৃজনশীল কাজ ও ব্যবহারিক প্রশিক্ষণের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। সভাপতিত্ব করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ।
এ সময় ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মো. তরিকত ইসলাম, ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মন্ডলসহ চারুকলা স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নতুন ল্যাব দুটিতে সংযোজিত হয়েছে আধুনিক কম্পিউটার, লিথোগ্রাফি প্রেস, ইনটাগ্লিও প্রেস, অটোমেটেড ইনটাগ্লিও প্রেস, লিনোকাট মেশিন ও প্রেস, গ্রেইনার মেশিন, ফিউম হুড, লার্জ ফরম্যাট ইকো-সলভেন্ট প্লটার, প্লটার প্রিন্টার এবং লেজার কাটিং ও এনগ্রেভিং মেশিনসহ নানা ধরনের অত্যাধুনিক সরঞ্জাম।
ডিসিপ্লিন সূত্রে জানা যায়, এই ল্যাব দুটি আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ, যা শিক্ষার্থীদের প্রিন্টমেকিং বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন ও সৃজনশীল উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ