কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, ভলান্টিয়ার শিক্ষক প্রেরণসহ বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা করতে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কেওআইসিএ)-এর একটি প্রতিনিধি দল খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কোরিয়ান ভাষা শিক্ষা প্রোগ্রামের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কোরিয়ান ভাষা শিক্ষা প্রোগ্রামে কোরিয়ান ভলান্টিয়ার শিক্ষক প্রেরণের বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা তুলে ধরা হয়। এ বিষয়ে উপাচার্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনায় ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। কেওআইসিএর পক্ষ থেকে তাদের চলমান বিভিন্ন ফেলোশিপ প্রোগ্রাম সম্পর্কেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক আন্তঃসংযোগ বাড়িয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।
কেওআইসিএ প্রতিনিধি দলের সদস্যরা হলেন—বাংলাদেশ ও ভুটানের প্রোগ্রাম ম্যানেজার সুজং ক্যাং এবং বাংলাদেশ অফিসের প্রোগ্রাম ম্যানেজার মো. মীম নূর হোসেন তুর্য। সৌজন্য সাক্ষাৎ শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অতিথিদের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। কেওআইসিএর পক্ষ থেকেও উপাচার্যকে স্মারক উপহার প্রদান করা হয়।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালাল, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইসমত কাদির উপস্থিত ছিলেন।
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ