জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বিশাল কেন্দ্রীয় ইফতার মাহফিল। বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে প্রায় পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে এ ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে দেশীয় ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর হাত ধরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল।

তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার পরিবেশের প্রশংসা করেন এবং শিক্ষক সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে দ্রুত জমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের সহায়তায় এই বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানের শুরুতে বিকেলে বিভিন্ন বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে নতুন কলা ভবনের অডিটোরিয়ামে শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি এত বড় পরিসরে সফলভাবে ইফতার আয়োজন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।