জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়–এর ১ নম্বর গেট সংলগ্ন একটি বইয়ের দোকানে নিয়মিত মাদক সেবনের আসর বসার অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানের পেছনের কক্ষে মাদক সেবনের সরঞ্জামসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। উপস্থিত জনসাধারণের সামনে অভিযুক্তরা অপরাধ স্বীকার করেন।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মো. মোশারফ হোসেন (৩৫)–কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. মানিক মিয়া (৩২)–কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে ত্রিশাল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয়রা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এমন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের ধারাবাহিক তৎপরতা সময়োপযোগী ও জরুরি।
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ