গতবছরের ন্যায় এবারও প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন। যেখানে রয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ব্যবস্থা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই ইফতারের আয়োজন করা হয়।
প্রশাসন সূত্র থেকে জানানো হয়, আয়োজনকে সুশৃঙ্খল করতে স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মসজিদ ও মসজিদ চত্বরে হলভিত্তিক আসন বিন্যাস ও ইফতার বিতরণ করা হবে। এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।
আয়োজন সম্পর্কে নিজের অনুভুতি ব্যক্ত করে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন (যুবরাজ)বলেন , “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের আয়োজন ক্যাম্পাসে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা জোরদারে ভূমিকা রাখবে। ক্যাম্পাসে সবাই একসাথে ইফতার করার অনুভূতিটাই অন্যরকম, প্রশাসনের এমন উদ্যোগকে ধন্যবাদ জানাতেই হয়”।
অনুভূতি ব্যাক্ত করে ইসলামিক স্টাডিজ বিভাগের তুহিন নামের আরেকজন শিক্ষার্থী বলেন, “এই ইফতার মাহফিল এসে অনেক আনন্দ লাগছে, হাজার হাজার শিক্ষার্থী একসাথে ইফতার করছে, গত বছর ইফতারের আয়োজন ছিল, আমরা নবিন শিক্ষার্থী হিসাবে প্রথমবার ইফতার মাহফিলে অংশগ্রহণ করছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য, আমরা চাই এই ধারা অব্যহত থাক “।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি এবং রমজানের তাৎপর্য তুলে ধরতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবার সকলে আমন্ত্রিত। একটা শৃঙ্খলার বিষয় থাকে, আমরা আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের প্রবেশ করিয়েছি। এবছর প্রায় ১৬ হাজার শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি অনেক সুন্দর এবং সুশৃঙ্খল রয়েছে।
প্রসঙ্গত, সম্পূর্ণ আয়োজনকে ঘিরে সার্বিক সগযোগিতায় ছিলো রাকসু ও হলসংসদ, বিএনসিসি, স্কাউট, কমিউনিটি পুলিশিংসহ সকল ভলান্টিয়ারবৃন্দ।
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ