বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ❝অটুট বন্ধনে ববিয়ানদের ইফতার❞ স্লোগানকে সামনে রেখে ইফতার মাহফিলের আয়োজন করেছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিকেল পাঁচটায় ইসলামি ছাত্রশিবির ববি শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাকারিয়া ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান শুরু হয়।

আয়োজক সূত্রে জানা যায়, শুরুতে রেজিস্ট্রেশনের মাধ্যমে এক হাজার শিক্ষার্থীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কারণে পরবর্তীতে তা উন্মুক্ত করে দেওয়া হয়। নারী শিক্ষার্থীদের জন্য পর্দা সহকারে পৃথক বসার ও ইফতারের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল এ প্রোগ্রামে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নোমান হোসেন নয়ন, বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম এবং বরিশাল মহানগর সভাপতি নাইমুল ইসলাম।

এছাড়াও সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, ছাত্রশক্তির আহ্বায়ক বেলাল আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন আমরা যেনো পরকালীন ভয়কে মাথায় নিয়ে সকল কাজ করতে পারি। তাহলেই আমরা সকল প্রকার খারাপ ও গর্হিত কাজ থেকে দূরে থাকতে পারবো।

প্রধান অতিথির বক্তব্যে নোমান হোসেন নয়ন বলেন কুরআন কেবলমাত্র মুসলিম উম্মাহর জন্য নয় সকল ধর্মের মানুষের জন্য আলোর দিশারি হয়ে এসেছে কিন্তু বর্তমানে মুসলিম জাতি সেই আলো নিতে এবং ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে।

সবশেষে দোয়া মোনাজাত ও ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।