চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ও চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ড. মোহাম্মদ আল-ফোরকান বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ভ্যানগার্ড ভূমিকা পালন করবে। তারা শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে কাজ করবে এবং একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে অবদান রাখবে। আমি আশা করছি ভবিষ্যতে তাদের সুশৃঙ্খল নেতৃত্ব শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করবে এবং সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে।

সোমবার (৪মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্রনেতারা বক্তব্য রাখেন।

চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন বলেন, ‘‘ছাত্রদলের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করবে। দলমত নির্বিশেষে অসংখ্য শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বহুদলীয় গণতন্ত্রের জন্য এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং মেরিন সায়েন্সেস ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক জাহেদুর রহমান চৌধূরী, চবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন চবির কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ আবু দাউদ।