পবিত্র রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৪ মার্চ) জাবি শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জানান, পবিত্র রমজানের তাৎপর্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

আয়োজকরা আরও জানান, ইফতার মাহফিলে অংশগ্রহণকে সুশৃঙ্খল ও সফল করতে আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ জন্য একটি অনলাইন রেজিস্ট্রেশন লিংক দেওয়া হয়েছে, যা সংগঠনের ফেসবুক পোস্টের কমেন্টে পাওয়া যাবে। পাশাপাশি কিউআর কোড স্ক্যান করেও রেজিস্ট্রেশন করার সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (৪ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে একটি সম্মিলিত ইফতার মাহফিলের আয়োজন করেছিল জাবি শাখা ছাত্রশিবির। তবে আয়োজনের সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী, বিশেষ করে বেশিরভাগ নারী শিক্ষার্থী ইফতার গ্রহণ করতে পারেননি এবং হলে ফিরে যেতে বাধ্য হন।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই ঘাটতি পূরণ এবং নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতে শুক্রবার পুনরায় শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে সংগঠনটি।