জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ছাত্রী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ রবিবার (৮ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের নারীদের খেলার মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অংশ নিতে রেজিস্ট্রেশন ও কুপন সিস্টেম চালু করা হয়েছিল। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৬০০ নারী শিক্ষার্থী এতে রেজিস্ট্রেশন করেন। তবে এর চেয়েও কিছু বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উপস্থিত সকল শিক্ষার্থীই ইফতার পেয়েছেন এবং পুরো আয়োজনের পরিবেশ ছিলো অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল।
ইফতার আয়োজনের পাশাপাশি অনুষ্ঠানে ছিল কয়েকটি ব্যতিক্রমী উদ্যোগ। এর মধ্যে একটি ছিল মেহেদী কর্নার, যেখানে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে একে অপরকে মেহেদী দিচ্ছিলেন। এছাড়া ছিল একটি প্রকাশনা কর্নার, যেখানে ছাত্রী সংস্থার প্রকাশিত নোটবুক, ডায়েরি, ক্যালেন্ডারসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও নাশিদেরও আয়োজন করা হয়, যা পুরো পরিবেশকে আরও আধ্যাত্মিক ও প্রাণবন্ত করে তোলে। তাছাড়াও ইফতারে উপস্থিত সকল শিক্ষার্থীদের জন্য উপহারের ব্যবস্থা করা হয়। উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য ছাত্রী সংস্থাকে প্রশংসা করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থার সভানেত্রী (৫২তম আবর্তন) জান্নাতুল ফেরদৌস বলেন,
“আজকে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। জাহাঙ্গীরনগরের ইতিহাসে কখনো ছাত্রী সংস্থার পক্ষ থেকে এরকম ইফতারের আয়োজন করা হয়েছে সে সম্পর্কে আমি আসলে জানিনা। এই প্রথম আমি জাহাঙ্গীরনগরে আসার পর আমরা বড় করে ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমরা আজকে ৬০০ জন মানুষের আয়োজন করেছি মূলত, যেহেতু প্রথমবারের মতো করা সেহেতু অনেক বেশি ঢালাও ভাবে করা সম্ভব হয়নি। আমরা রেজিস্ট্রেশন এবং টোকেনের ব্যবস্থা রেখেছি, যার মাধ্যমে সবাই এখানে প্রবেশ করতে পারছে। এর পাশাপাশি আমরা একটা প্রকাশনা কর্ণার রেখেছি, যেখানে আমাদের নোটবুক, ডায়েরি, ক্যালেন্ডার ইত্যাদি রয়েছে। এর পাশাপাশি আমরা একটা মেহেদী কর্ণার রেখেছি, যেখানে ছাত্রীরা উৎসাহের সাথে মেহেদী দিচ্ছে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার পূর্ণাঙ্গ কমিটি কবে প্রকাশ হতে পারে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
“আমরা তো কেবল কিছু কাজ শুরু করলাম, সে সুবাদে আমাদের কমিটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে। আমাদের পেইজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে দিবো ইনশাআল্লাহ।”
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ